বাংলাদেশ ব্যাংক ঘোষিত দুটি পুনঃ অর্থায়ন স্কিমের প্রচার ও সফল বাস্তবায়নে পাবনায় টাউন হল সভা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টিতে ১০ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়তে ৩ হাজার কোটি টাকার স্কিম ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
অতিথি ও আয়োজক
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এবং বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।
এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অগ্রণী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফজলুল করিম এবং পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হারুন অর রশিদ। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস।
অনুষ্ঠানের সমন্বয়ের দায়িত্বে ছিল লিড ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পাবনা শাখা এবং অগ্রণী ব্যাংক পিএলসির পাবনা আঞ্চলিক কার্যালয়।
মঞ্জুরিপত্র ও চেক বিতরণ
অনুষ্ঠানে পাবনা এলাকার তফসিলি ব্যাংকগুলোর ২৭ জন কৃষি ও এসএমই উদ্যোক্তার হাতে পুনঃ অর্থায়ন স্কিমের মঞ্জুরিপত্র ও চেক তুলে দেওয়া হয়। এর মোট অঙ্ক ২ কোটি ৭০ লাখ টাকা।
সভায় পাবনায় কর্মরত তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও ব্যবস্থাপকেরা এবং তিন শতাধিক কৃষি ও এসএমই উদ্যোক্তা অংশ নেন। উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বিএডিসি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা।











Leave a Reply