চীনা ব্যবসা ও বিনিয়োগকারীদের জন্য ‘এনসিসি চায়না কানেক্ট’ চালু করল এনসিসি ব্যাংক
বাংলাদেশে কার্যরত চীনা ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সমন্বিত ব্যাংকিং সেবা দিতে ‘এনসিসি চায়না কানেক্ট’ নামে বিশেষায়িত চায়না ডেস্ক চালু করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
রেডিসন ব্লুতে উদ্বোধন
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার রেডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘চায়না ন্যাশনাল ডে সেলিব্রেশন ২০২৬’ অনুষ্ঠানে ডেস্কটির উদ্বোধন করা হয়। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) আয়োজনে এবং এনসিসি ব্যাংকের সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান হয়। কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডেস্কটি চালু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
অনুষ্ঠানে বিসিসিসিআইয়ের সদস্যরা এবং বাংলাদেশে চীনা ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের পক্ষ থেকে ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনসহ ব্যাংকটির অন্যান্য পরিচালক, স্বতন্ত্র পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অতিথিদের বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এনসিসি ব্যাংকের এই উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক কার্যক্রম সহজ করবে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে।
বিশেষ অতিথি ড. লিউ ইউইন বাংলাদেশে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষায়িত ব্যাংকিং প্ল্যাটফর্ম চালুর উদ্যোগকে স্বাগত জানান। তাঁর প্রত্যাশা, এই ডেস্ক দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে, ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণে এবং অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম বলেন, চায়না ডেস্ক চালুর মধ্য দিয়ে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ব্যাংকটির অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। তাঁর মতে, ‘এনসিসি চায়না কানেক্ট’ নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেস্কের সেবা ও পরিকল্পনা
ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ‘এনসিসি চায়না কানেক্ট’-এর মাধ্যমে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়া হবে, যা দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
তিনি জানান, ব্যাংকের বহুজাতিক করপোরেট ব্যাংকিং বিভাগের অধীনে পরিচালিত এই ডেস্ক চীনা উদ্যোক্তাদের জন্য কেন্দ্রীয় যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করবে। ম্যান্ডারিন ভাষায় সহায়তার পাশাপাশি এর মাধ্যমে বাণিজ্য অর্থায়ন, চলতি মূলধন, প্রকল্প অর্থায়ন, বৈদেশিক মুদ্রা লেনদেন, ব্যাংক গ্যারান্টি, নগদ ব্যবস্থাপনা ও ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন সেবা মিলবে।
এম. শামসুল আরেফিন আরও জানান, চীনের ৩০টি ব্যাংকের সঙ্গে করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক এবং বিশ্বব্যাপী প্রায় ৪০০টি করেসপন্ডেন্ট ব্যাংকের নেটওয়ার্ক কাজে লাগিয়ে চীনের সঙ্গে আন্তসীমান্ত বাণিজ্যের লেনদেন সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চীনা মুদ্রা রেনমিনবিতে চীনা বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তির সুযোগ তৈরিতেও কাজ করছে ব্যাংকটি।








Leave a Reply