Amader Pujibazar খেলাধুলা ডেস্ক : একাধিক সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিবাদের জেরে চলতি আইপিএল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় মারাত্মক বিপাকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দলের বোলিং আক্রমণ আইপিএল শুরুর আগেই ভেঙে পড়েছে। এই বিষয়ে অবশেষে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।
ধুমলের সাবধানি মন্তব্য
একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধুমল বলেন, “আমি শুধু বলব, এটা দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার কিছু জানা নেই। মাঝে মাঝে কিছু ঘটনা এমনভাবে ঘটে, যেগুলো দুর্ভাগ্যজনক।”
তিনি আরও বলেন, “আমার মনে হয় না প্রতিদিনের ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো বক্তব্য বা ভূমিকা রয়েছে। সরকার সার্বিকভাবে ক্রিকেটের সমর্থক। কখনো কখনো আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে, যেগুলোর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয়। আশা করব, সকলের শুভবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।”
কেকেআরের বোলিং বিভাগ বিপর্যস্ত
কেকেআর ইতোমধ্যে দলের দুই প্রধান জোরে বোলার হর্ষিত রানা ও মাথিশা পাথিরানাকে পাচ্ছে না। তার ওপর নিলামে ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেও সম্পূর্ণ ফিট থাকা মুস্তাফিজুরকে মাঠে নামাতে পারছে না দলটি। আইপিএল শুরুর আগেই বোলিং বিভাগে মারাত্মক সংকটে পড়েছেন অধিনায়ক অজিঙ্ক রাহানেরা।
কিছু সংগঠনের দাবির মুখে বাংলাদেশের এই বোলারকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে এতদিন নীরব ছিলেন বিসিসিআইয়ের কর্তারা। ধুমলের এই বক্তব্যকেই এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রথম আনুষ্ঠানিক মন্তব্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা।







Leave a Reply