Amader Pujibazar নিজস্ব প্রতিবেদক : স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে এবং রাজধানীর যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে রাত ১২টার দিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা
মন্ত্রিপরিষদ সচিব জানান, শিক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পৃথক নির্দেশনা দেবে, যা আগামী রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হতে পারে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় যুক্ত হবে, তারা বিশেষ সুবিধা পাবে। বাণিজ্যিক ব্যবহারের জন্য নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে কোনো পুরনো বাস আমদানি করা যাবে না।
জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎসের সন্ধান
মন্ত্রিপরিষদ সচিব জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের প্রায় ৮০ শতাংশ তেল আমদানিনির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারের প্রভাব সরাসরি অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখিস্তান থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।
অফিস সময় পরিবর্তন ও মার্কেট বন্ধের নির্দেশ
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সব অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
এছাড়া সব ধরনের মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাদ্য ও ওষুধের মতো জরুরি সেবা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।







Leave a Reply