ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের খেলার মান নিচে নেমে গেছে। ক্রিকেটাররা এখন আর খেলায় মনোযোগী নয়। তাদের মন শুধু টাকা কামানোর দিকে। এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার ক্রিকেটের ধারাভাষ্য থেকে ওয়াকার ইউনূসের নাম প্রত্যাহার হওয়া নিয়ে রিটের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, আমরা ক্রিকেটের অন্ধ সাপোর্টার হতে চাই না। এটা বলতেই হবে যে, বাংলাদেশের ক্রিকেট দলের খেলার মান নিচে নেমে গেছে। এখন ক্রিকেটারদের খেলার দিকে মনোযোগ নেই; তাদের মন পড়ে থাকে টাকা উপার্জনের দিকে।

শুনানির শুরুতে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান বলেন, ওয়াকার ইউনূস আইসিসির আইন লঙ্ঘন করে বাংলাদেশ ক্রিকেট ও অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে বারবার কটূক্তি করেছেন। তিনি এটা করতে পারেন না।

এ সময় হাইকোর্ট জানতে চান, ওয়াকার ইউনূসের বাড়ি কি পাকিস্তানের পাঞ্জাবে? তাহলে তো তারা একাত্তরে পরাজয়ের গ্লানি ভুলতে পারবে না! এরপর আদালত বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ ক্রিকেটের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে কটূক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারা ভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের ওয়াকার ইউনূসের নাম প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ দায়ের করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবি প্রেসিডেন্টকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

গত ৬ নভেম্বর দিল্লিতে চলমান ওয়ানডে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করেন সাকিব আল হাসান। ম্যাথিউস আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর কমেন্ট্রি বক্সে সমালোচনা করেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনূস ও শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার রাসেল আরনল্ড। তারা বলেছেন, ‘এ রকম অখেলোয়াড়িসুলভ আচরণ দেখেননি কখনো।’

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *