পাম্প বন্ধ, গাড়ির সারি — মন্ত্রী কি দেখছেন না : সংসদে হাসনাত আবদুল্লাহ
Amader Pujibazar নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের সংকটে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে— মন্ত্রী কি তা দেখতে পাচ্ছেন না? জাতীয় সংসদে এমন তীব্র প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে সম্পূরক প্রশ্নে তিনি এই বক্তব্য রাখেন।
সংসদে হাসনাতের তীব্র সমালোচনা
হাসনাত আবদুল্লাহ বলেন, “বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেছিলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই। কিন্তু আমরা দেখছি, জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প একের পর এক বন্ধ হচ্ছে। তেলের জন্য রাস্তায় দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না?“
তিনি আরও বলেন, “আমরা দেখছি ক্রমশ পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তায় রাইডের গাড়ির দীর্ঘ সারি। সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। কিন্তু দুঃখজনক বিষয়, সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে।“
মন্ত্রীর জবাব: প্যানিক বায়িংই দায়ী
হাসনাতের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “এটা ঠিক না।”
তিনি আরও বলেন, “প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রয়োজন তা প্রতিদিন যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে। তবে ইরানের ঘটনার পর বিক্রি হঠাৎ বেড়ে গেছে। আগে যে তেল এক দিন বা দেড় দিনে বিক্রি শেষ হতো, এখন তা দুই ঘণ্টায় শেষ হচ্ছে। তাই প্যানিক বায়িংয়ের কারণে লাইনে দাঁড়ানো দেখা যাচ্ছে। তবে তেলের সাপ্লাই প্রতিদিন অব্যাহত রয়েছে।”







Leave a Reply