ডিএসই শেয়ারবাজার ২৬ এপ্রিল ২০২৬
Amader Pujibazar নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে রোববার (২৬ এপ্রিল) মিশ্র প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচক বাড়লেও একটি সামান্য কমেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা এই পরিস্থিতিকে স্বাভাবিক বলে মনে করছেন।
বাজারে অনিশ্চয়তার কারণ কী?
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির উত্তাপ কিছুটা কমলেও এখনো যুদ্ধ সমাপ্তি বা স্থায়ী যুদ্ধবিরতির কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে ইতিবাচক দিক হলো, হরমুজ প্রণালি কয়েকটি দেশের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে এবং সেই তালিকায় বাংলাদেশও রয়েছে।
এছাড়া বর্তমানে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি খাতের শতাধিক কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার মৌসুম চলছে। একদিকে যুদ্ধ পরিস্থিতির উত্তাপ, অন্যদিকে ডিভিডেন্ড ঘোষণার প্রতীক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি যাচাই-বাছাই করে বিনিয়োগ করছেন তারা, যার প্রভাব পড়েছে সার্বিক বাজারে।
ডিএসইর সূচক ও লেনদেন চিত্র
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৫৯ পয়েন্ট বেড়ে ৫,৩১৬.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১১.৩৬ পয়েন্ট বেড়ে ২,০২৬.২৯ পয়েন্টে উন্নীত হয়েছে। তবে ডিএসইএস সূচক ১.৪৪ পয়েন্ট কমে ১,০৬৫.২০ পয়েন্টে নেমেছে।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।
দিনটিতে ডিএসইতে মোট ৯৮২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮৪ কোটি ৬২ লাখ টাকার। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৯৭ কোটি ৮০ লাখ টাকা।







Leave a Reply