নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের চেয়ারম্যান, কমিশনার এবং কর্মকর্তা-কর্মচারীরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ৯৯০তম কমিশন সভায় এ উপলক্ষে একটি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। সভায় মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় বিএসইসি উল্লেখ করে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি আজীবন সংগ্রাম করেছেন। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
কমিশন আরও জানায়, রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ সময় বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আপসহীন অবস্থান বজায় রাখেন। দেশের মানুষের কাছে তিনি একজন শ্রদ্ধেয় ও অনুসরণীয় নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
শোকবার্তায় কমিশনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


Leave a Reply