আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক :: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক পিএলসির এক হাজার ২০০ কোটি টাকা মূল্যের বন্ড এবং আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ২০০ কোটি টাকা অভিহিত মূল্যের জিরো কুপন বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯২তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রূপালী ব্যাংক আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্যাবল, ফ্লাটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করা হয়েছে। এর কুপন রেট হবে রেফারেন্স রেট প্লাস দুই শতাংশ কুপন মার্জিন।
রূপালী ব্যাংকের বন্ডটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং আইনানুগ যোগ্য বিনিয়োকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিট মূল্য হবে এক কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ রূপালী ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।
ওই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। এছাড়া ওই বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
অন্যদিকে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির বন্ডটি হবে চতুর্থ প্রাইভেটলি প্লেসড নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেম্যাবল, জিরো কুপন বন্ড। বন্ডটির ডিসকাউন্ট রেট ৯ শতাংশ থেকে ১০ শতাংশ। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য আট লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা ৩৩ পয়সা।
এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে লংকাবাংলা ফাইন্যান্স ব্যক্তি, করপোরেট এবং এসএমই খাতে ঋণ প্রদান করবে। ওই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এছাড়া ওই বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *